পুলিশি বাধা উপেক্ষা করে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ
রাঙামাটি সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, তত্ত্বাবাবধায়ক ব্যবস্থা, কেন্দ্রীয় নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপিসহ ১৮দলীয় জোট। হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: সাইফুল ইসলাম পনির।
এসময় বিএনপি নেতা শফিউল আজম, আলী বাবর,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব, মোহম্মদ নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা রাজু, ফারুক হোসেন সাব্বিরসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজানো গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানিয়ে অন্যথায় দেশের আপামর জনসাধারনকে সাথে নিয়ে কঠোর কর্মসুচীর মাধ্যমে বর্তমান সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।


















