খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টা বাস্তবায়ন করার লক্ষে পুলিশি সেবাকে আধুনিকায়ন করে পাহাড়বাসীকে নিরাপদে রাখতে খাগড়াছড়িতে পুলিশের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে খাগড়াছড়িবাসীকে নিরাপদ রাখতে এবং শতভাগ তথ্য যথাসময়ে জনগণের কাছে পৌঁছানোর লক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুর রহমান ‘খাগড়াছড়ি পুলিশ ওয়েবসাইট’ নামে নতুন এই ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন ।
উদ্বোধনের সময় বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু এই শ্লোগানকে বাস্তবে রূপ দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করা হবে’। তাছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের সকল কার্যক্রম এই ওয়েবসাইটে থাকবে। জনগণ তথ্য নিয়ে কাজ করতে পারবে, প্রয়োজনে বিভিন্ন তথ্য দিয়ে অভিযোগ করে পুলিশের কাছ থেকে আইনগত সহায়তা নিতে পারবে।
এসময় খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী পিবিএম সেবা, সহকারি পুলিশ সুপার মো. রইছ উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।