parbattanews

পুলিশ সুপার মাসুদ হোসেনসহ জেলার ৫ পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় পদকে ভূষিত

কক্সবাজার প্রতিনিধি:

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতি স্বরূপ কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ জেলা পুলিশের ৫  কর্মকর্তা পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) এবং পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ সদর দফতর প্যারেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পদক প্রদান ও ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পদক বিপিএম এবং পিপিএম প্রাপ্ত কক্সবাজার জেলা পুলিশের ৫ কর্মকর্তা হলেন- পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপি: ৭৫০৫১০৫০৭৯) বিপিএম (সাহসিকতা), টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ (বিপি: ৭২৯৫০৮৪৪২) বিপিএম (সাহসিকতা), কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার (বিপি: ৬৮৯৮০৫৩৫৪৮) পিপিএম (সাহসিকতা), টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) শরিফুল ইসলাম (বিপি: ৮৪০৩০৬৪৩৫৭) পিপিএম (সাহসিকতা) এবং একই থানার উপ-পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) রাসেল আহামদ (বিপি: ৮৪১৩১৫৭৮১২) পিপিএম (সাহসিকতা)।

পুরস্কার প্রাপ্ত জেলা পুলিশের এ পাঁচজন কর্মকর্তা ছাড়াও র‌্যাব-৭ এর অধীন কক্সবাজার জেলায় কর্মরত কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান এবং টেকনাফে কর্মরত লে. শাহেদ মাহতাবও পুলিশের মর্যাদাপূর্ণ একই পুরস্কার গ্রহণ করেছেন।

পদক প্রাপ্তরা রাষ্ট্রীয় অর্থ সুবিধা এবং প্রাপ্ত উপাধি নিজ নিজ নামের শেষে ব্যবহার করতে পারবেন।

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বলেন, এ পুরস্কারে তাঁদের ভূষিত করায় তাঁদের ত্যাগ, সাহস ও ঝুঁকিপূর্ণ কর্মের যথার্থ মূল্যায়ন করা হয়েছে। এতে তাঁদের কাজের গতি, সাহস ও উৎসাহ আরও বাড়বে বলে এসপি এ.বি.এম মাসুদ হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার তাকে সহ ৫ জন পুলিশ কর্মকর্তাকে প্রদত্ত এই গৌরবময় সম্মাননা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), চট্টগ্রাম ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম-পিপিএম), পুলিশ সদর দফতরের সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

Exit mobile version