পৃথিবীর এক-তৃতীয়াংশ গরিব মানুষ বাস করে ভারতে: বিশ্বব্যাংক
ডেস্ক নিউজ: বিশ্বের তিন ভাগের এক ভাগ গরিব মানুষ ভারতে বসবাস করে। এসব মানুষের দৈনিক গড় আয় হচ্ছে ১.২৫ ডলার বা ৬৫ রুপির কম।
দারিদ্র বিষয়ক নতুন এক রিপোর্টে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে- বিশ্বজুড়ে এখনো একশ’ বিশ কোটি মানুষ চরম দারিদ্রের মাঝে বসবাস করছে। রিপোর্ট প্রকাশের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ তথ্য জানান। তিনি দাবি করেন, ২০৩০ সালের মধ্যে চরম দরিদ্রতা অবসানে বিশ্বব্যাংকের পরামর্শ ও বিশ্লেষণ সাহায্য করবে।
বিশ্বব্যাংকের এবারের প্রতিবেদনের শিরোনাম ছিল- “গরিবের দেশ: কোথায় গরিব মানুষ এবং কোথায় সবচেয়ে গরিব মানুষ?”
এ রিপোর্টে আরো বলা হয়েছে- ১৯৮১ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় প্রতিটি উন্নয়নশীল অঞ্চলে চরম দরিদ্রতা শতকরা ২১ ভাগে নেমে গেছে। উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা শতকরা ৫৯ ভাগ বেড়ে যাওয়া সত্ত্বেও এটি সম্ভব হয়েছে। তবে, এখনো বিশ্বের চরম দরিদ্র মানুষের এক-তৃতীয়াংশের বসবাস আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে।


















