parbattanews

পেকুয়ার টইটংয়ে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধ ৭

ডাকাতি

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং ছকিদারপাড়া এলাকায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি বর্ষণ করে। ডাকাতদের গুলিতে কমপক্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১.১৫ মিনিটের দিকে ১০/১৫ জনের একদল দুর্ধর্ষ ডাকাত প্রবাসী মছন আলীর বাড়িতে হানা দেয়।

এ সময় তারা বাড়ির দরজায় গিয়ে থানার স্টাফ পরিচয় দিয়ে বাড়ির কর্তাকে দরজা খুলতে বলে। বাড়ির কর্তা ডাকাত সন্দেহ হওয়ায় দরজা খুলে না দিলে ডাকাতদল দরজা ভেঙে বসতবাড়িতে ঢুকে পড়ে। ওই সশস্ত্র ডাকাতদল বাড়িতে ঢুকে বাড়ির আলমিরা ভেঙে নগদ দেড় লক্ষ টাকা, ১২ ভরি স্বর্ণ, মোবাইল সেট ৩ টি, মূল্যবান কাপড় চোপড়সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির সময় গ্রামবাসীরা এগিয়ে আসলে ডাকাতির গুলিতে মৃত আসহাব মিয়ার মেয়ে মেরাজ খাতুন(৪০), তার ভাই বদিউল আলম(৬০), ছাবের আহমদের কন্যা জিয়াসমিন আক্তার(১১), আবদু রহিমের পুত্র জসিম উদ্দিন(২৮), আবুল হোছনের পুত্র নুরুল ইসলাম(৩৫), হাসিম আলীর পুত্র নবী হোছন(২৫), সিরাজের পুত্র নাছির উদ্দিন(৩৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

খবর পেয়ে পেকুয়া থানার এস,আই বিমল কান্তি দেব, টইটং ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন ডাকাত কবলিত বসতবাড়ি পরিদর্শন করেন। এ ব্যাপারে টইটং ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন স্থানীয় একটি ডাকাত সিন্ডিকেট এ ঘটনার সাথে জড়িত রয়েছ বলে জানান। পেকুয়া থানার এস,আই বিমল কান্তি দেব ডাকাতরা বাড়িতে আসলেও তারা ডাকাতি করতে পারে নি বলে জানান।

Exit mobile version