parbattanews

পেকুয়ার পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ওই এলাকার দুবাই প্রবাসী আব্দুর রহিম ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)। তারা আপন চাচাতো ভাইবোন।

নিহতের স্বজন হেলাল উদ্দিন বলেন, বাদশাহ মিয়া ও তাসফিয়ার দাদি বাড়ির কাছে নিজ পুকুরে কাপড় ধুতে যায়। এ সময় দাদির পিছন পিছন পুকুর পাড়ে ছুঁটে যায় তারা। দাদি কাপড় ধুয়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে বাদশাহ মিয়া ও তাসফিয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে তাদের দু’জনের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে একই পরিবারের দু’শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

Exit mobile version