parbattanews

পেকুয়ায় পাচারকারীর খপ্পরে ৩ সহোদর, ৪ মাসেও খোঁজ নেই

পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারকারীর খপ্পরে পড়া ৩ সহোদরের ৪ মাস ধরে খোঁজ মিলছেনা। ফলে ভুক্তভোগী পরিবারে চলছে আর্তনাদ। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুণিয়া এলাকায়।

জানা যায়, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া পাইন্নেছড়া এলাকার মোঃ আবদুর রশিদের পুত্র জাগের হোসেন প্রকাশ বুতাইয়া দীর্ঘদিন ধরে সাগর পথে অবৈধভাবে মানবপাচার করে আসছিল। সম্প্রতি আলোচিত ওই মানব পাচারকারীর খপ্পরে পড়ে বিগত চার মাস পূর্বে একই গ্রামের মাঝেরঘোণা এলাকার মোকতারের পুত্র হান্নান(২২), মোঃ সোহেল(৩০) ও রুবেল(৩৫) নামের ৩ সহোদর তাদের পরিবারের অজান্তে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুদিন পর মানব পাচারকারী ওই জাগের হোছেন তাদের পরিবারকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে থাইল্যান্ড পর্যন্ত পৌঁছেছেন বলে জানান।

এমনকি বুতাইয়ার ছোট ভাই মনিয়ার জিম্মায় রযেছেন বলে জানান। গন্তব্যে পৌঁছানোর পরবর্তী পদক্ষেপ হিসাবে কয়েক লাখ টাকা বিনিময়ের প্রয়োজন অন্যথায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়তে পারেন বলে তাদের পরিবারকে জানায় ওই মানব পাচারকারী। এক পর্যায়ে ওই ৩ যুবকের পরিবারের কাছ থেকে অভিযুক্ত মানব পাচারকারী বুতাইয়া কয়েক দফায় ৬ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু অদ্যাবধি ওই ৩ যুবকের পরিবার তাদের বর্তমান অবস্থান ও কোন ধরনের খোঁজ খবর পাচ্ছেনা বলে তাদের মামা জহির ড্রাইভার সাংবাদিকদেরকে জানান।

তিনি জানান, গত কয়েক দিন পূর্বে ওই ৩ যুবকের মধ্যে হান্নান (২২) বর্তমানে মালয়েশিয়ার একটি কারাগারে বন্দি রয়েছেন বলে শুনলেও অপর ২ জনের বর্তমান অবস্থানের সঠিক কোন তথ্য এখনো পান নি। ফলে ৩ সহোদর যুবকের পরিবারে নেমে এসেছে নিরব কান্না ও চরম অনিশ্চয়তা। এ বিষয়ে জানতে জাকের হোছেনের সাথে যোগাযোগ করলে কোন ধরনের বক্তব্য না দিয়ে এড়িয়ে যান।

Exit mobile version