parbattanews

পেকুয়ায় প্রবাসীর বাড়ি ভাংচুর, শিশুসহ আহত ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া উপজেলায় এক প্রবাসীর বসতঘরে দিনে-দুপুরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে সংঘবদ্ধ দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলায় প্রবাসীর স্ত্রী ও শিশু পুত্র বাবু (৬) আহত হয়েছে। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে ওই গ্রামের নাজিম উদ্দিন ও রেদোয়ানের নেতৃত্বে একদল লোক প্রবাসীর বসতঘরে হামলা চালায়। এসময় বাধা দিতে চেষ্টা করলে হামলাকারীরা প্রবাসীর স্ত্রী ও শিশু পুত্রকে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা প্রবাসীর বসতঘরে ব্যাপক ভাংচুর করে নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে এ হামলার পর প্রবাসীর ভাড়া বাসায়ও দ্বিতীয় দফায় একইভাবে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

প্রবাসী গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি হামলাকারী নাজিম উদ্দিন ও রেদোয়ানকে বসতভিটার তার অংশ ক্রয় করে ১লাখ ৬০হাজার টাকা পরিশোধ করেন । টাকা পরিশোধ হওয়ার পর তারা তাকে বসতভিটা থেকে উচ্ছেদের জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে তার বসতঘর ও ভাড়া বাসায় হামলা করা হয়েছে বলে প্রবাসী দাবী করেছেন।

বারবাকিয়ার সবজীবন পাড়া গ্রামের সমাজ সর্দার  মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্যায়ভাবে নাজিম উদ্দিন ও রেদোয়ান প্রবাসীর বসতঘর ও ভাড়া বাসায় হামলা চালিয়েছে। এদিকে প্রবাসী গিয়াস উদ্দিন এ ঘটনায় হামলাকারীদের আসামী করে পেকুয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Exit mobile version