parbattanews

পেকুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

কক্সবাজারের পেকুয়ায় সানলাইন পরিবহন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এতে আরো ২ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চমেকে পাঠানো হয়।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে তিনটায় এবিসি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টইটং ইউপির ধনিয়াকাটা স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে আসা সাইনলাইন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেকুয়া বাজার থেকে চট্টগ্রাম যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা ধুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের বাসিন্দা গোলাম নবীর ছেলে সিহাব উদ্দিন(৪৫), আনোয়ারা উপজেলার উত্তর কদম এলাকার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন(৫৫)। এসময় গুরুত্বর আহত হয় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল কাদেরসহ আরো ৩ জন।

অন্যদিকে একই সময়ে উপজেলার মগনামা ইউপির বাজারপাড়া এলাকায় নোহা গাড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরো ৪ জন আহত হয়। আহতদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পরপরই পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ও তদন্ত ওসি সুদ্বীপ্ত ভট্টাচার্য এর নেতৃত্বে সঙ্গী ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে। এসময় কাউকে আটক করা যায় নি।

আহত ও নিহতদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নিহত সিহাবউদ্দিন একজন ফার্মেসি ব্যবসায়ী। ঔষধের জন্য পেকুয়া আসছিল। তারা সবাই বাঁশখালী যাচ্ছিল পথিমধ্যে এ দুর্ঘটনায় কবলিত হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পেকুয়া অভিমুখী বাসটি সড়কের বাঁক ঘুরতে গিয়ে চট্টগ্রাম অভিমুখী সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি মুহূর্তের মধ্যেই দুমড়েমুচড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে সিএনজি অটোরিকশা কেটে হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমসও) ডা. মো. মুজিবুর রহমান বলেন, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে এবং নিহতের দুইজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version