parbattanews

প্রচণ্ড তাপদাহ ও তীব্র পানি সংকটে ভুগছে পাহাড়ের মানুষ

প্রচণ্ড তাপদাহ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো মানুষ। নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে গেছে পাহাড়ে প্রাকৃতিক পানির উৎস ছড়া-ঝিরি গুলো।

এর ফলে বাঘাইছড়ির পাহাড়ি উঁচু এলাকা চার কিলো নোয়া আদাম, প্রশিক্ষণ টিলা বাঙালি পাড়া, জীবতলী, মুসলিম ব্লক, বটতলী, তালুকদার পাড়া, সাজেক, মাচালং, বাঘাইহাট, উগলছড়িসহ পৌরসভার শতাধিক গ্রাম জুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি সংগ্রহে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়েও মিলছেনা এক কলসি খাবার পানি।

১৫-২০ দিনে একবার গোসল করতে পারছেন না অনেক গ্রামের মানুষ ফলে দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক মানুষেরা। পুকুর ও জলাশয়ে অবশিষ্ট পানিও দূষিত হয়ে গেছে জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে নোংরা পানিতে গোসল ও পান করে অনেকেই ডায়রিয়া কলেরা অ্যালার্জিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছেন।

এদিকে ২০১১ সালে বাঘাইছড়ি পৌরসভার মধ্যম পাড়া ও মুসলিম ব্লক এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিলেও ১৫ বছরে তা আলোর মুখ দেখেনি। এ বিষয়ে কথা বলতে বাঘাইছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খিসার সাথে কথা বলতে বেশ কয়েক দিন অফিসে গিয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন জনস্বাস্থ্যের এই কর্মকর্তা নিয়মিত অফিস করেন না।

Exit mobile version