parbattanews

প্রথম জয়ের খোঁজে মুখোমুখি স্পেন–সৌদি আরব

ছবি সংগৃহীত।

চলতি বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯তম স্থানে থাকা সৌদি আরব। রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

দুই দলই এখন পর্যন্ত আসরে জয় পায়নি। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে স্পেন, আর উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

পরিসংখ্যান বলছে, স্পেন ও সৌদি আরব এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে স্পেন। এই তিন ম্যাচে স্পেন মোট ৯ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ২ গোল। এর মধ্যে বিশ্বকাপে ২০০৬ সালের গ্রুপ পর্বে স্পেন ১-০ ব্যবধানে জয় পেয়েছিল।

বিশ্বকাপে সৌদি আরবের রেকর্ডও স্পেনের বিপক্ষে অনুকূল নয়। ইউরোপীয় দলের বিপক্ষে তারা ১১ ম্যাচে ১০টিতেই হেরেছে।

অন্যদিকে স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব একটা উজ্জ্বল নয়। বিশ্বকাপে শেষ চার ম্যাচে তারা জয়হীন—৩ ড্র ও ১ হার। গত তিন বিশ্বকাপে ৯ ম্যাচে স্পেন জিতেছে মাত্র ২টি, ড্র করেছে ৬টি এবং হেরেছে ১টি।

গোলখরাও স্পেনের জন্য বড় দুশ্চিন্তা। বিশ্বকাপে তাদের শেষ দুই ম্যাচে কোনো গোল হয়নি। এমনকি টানা তিন ম্যাচে গোল না করার নজিরও নেই তাদের। ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে ১১তম মিনিটে করা শেষ গোলের পর থেকে স্পেন প্রায় ২ হাজার ৫০০টি পাস ও ৪৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি।

Exit mobile version