parbattanews

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পার্বত্যবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান দীপেন দেওয়ানের

বর্ষা মৌসুমে পাহাড় ধস, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পার্বত্যবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার ( ৭ জুলাই ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়,  চলমান বর্ষা মৌসুমে টানা ও অতিবৃষ্টির কারণে পার্বত্য রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধস, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন, বসতবাড়ি, সড়ক যোগাযোগ এবং জনসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

আমি, দীপেন দেওয়ান, জাতীয় সংসদ সদস্য, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে রাঙ্গামাটির জনগণ এবং পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- আপনারা সবাই সতর্ক থাকুন, অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করবেন না এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করুন।

বিশেষ করে পাহাড়ের ঢাল, পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ টিলা, নদী-খাল সংলগ্ন এলাকা এবং ভূমিধসপ্রবণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে প্রয়োজনবোধে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মানবজীবনের নিরাপত্তাই সর্বাগ্রে বিবেচ্য।

যে কোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করুন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।

আমি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। শিশু, নারী, প্রবীণ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সহযোগিতা প্রদান করুন।

সকলকে অনুরোধ করছি, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিশ্বাস করা থেকে বিরত থাকুন। শুধুমাত্র সরকারি নির্দেশনা এবং নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। আমাদের সম্মিলিত সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সময়োপযোগী পদক্ষেপই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সতর্কীকরণ পোস্টের শেষে প্রার্থনা করে বলেন, পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি, তিনি যেন পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ সমগ্র দেশের মানুষকে সকল প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ থেকে নিরাপদ রাখেন এবং সবাইকে সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ থাকতে সর্বোচ্চ সহায়তা করেন। ধন্যবাদ।

Exit mobile version