parbattanews

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল, পাবেন যারা

রাজধানীর কড়াইল এলাকায় থেকেই ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামীকাল।

আগামীকাল মঙ্গলবার কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ওই দিনই সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা।

আজ সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় প্রকল্পের বিস্তারিত জানাতে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়।

এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে আর বাণিজমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন সুনামগঞ্জে।

আগামীকাল মঙ্গলবার থেকে যেসব এলাকায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলো হচ্ছে– রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড-১৪ ও বাগানবাড়ি বস্তি এলাকা। রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।

নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

Exit mobile version