জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ম্রো ভাষায় অনুবাদ করেছেন পাহাড়ি জাতিগোষ্ঠীর লেখক ইয়াংঙান ম্রো।
শনিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় বান্দরবান-চিম্বুক সড়কের রামরি পাড়ার একটি জুম ঘরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ম্রো ভাষার অনুবাদের এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুবাদ করা বইটির নাম দিয়েছেন তিনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেক মি লাইক্ল’। এছাড়া একইসাথে আরও একটি বই ‘ম্রোচ সাংচিয়া’ (ম্রো গল্পসমগ্র) উন্মোচন করেছেন তিনি।
ম্রো ভাষায় ৪ পৃষ্ঠার অনুবাদ করা বইটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ তেক মি লাইক্ল’।
বই দুইটি উন্মোচনের সময় ইয়াংঙান ম্রো জানান, নিজেদের মাতৃভাষা, সংস্কৃতি ও দেশের ঐতিহ্য ধরে রাখতেই বইগুলো লিখেছেন তিনি। তাছাড়া এই বইগুলো বর্তমান প্রজন্মের ম্রো শিশুদের সঙ্গে পূর্বপুরুষের যোগসূত্র তৈরি করবে।
তিনি আরও জানান, ছোটবেলায় মা-বাবা জুম কাজ শেষে বাড়িতে ফিরতেন। রাতের খাবার খাওয়ার পর ঘুম না আসলে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা বলতেন বাবা। মা-বাবার আশাছিল এই গল্পগুলো যেন ম্রো সম্প্রদায়ের সবাইকে বংশপরম্পরায় শোনানো হয়। সেই চিন্তা থেকে মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ম্রো ভাষায় অনুবাদ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চে ভাষণ ‘ম্রো’ ভাষায় অনুবাদ ছাড়াও ম্রো সমাজের ১০০টি লোককাহিনী নিয়ে ‘ম্রোচ সাংচিয়া’ (ম্রো গল্প সমগ্র) বইটি লিখেছেন ইয়াংঙান ম্রো। এ পযর্ন্ত তিনি ২১টি ম্রো ভাষায় ও ১২টি বাংলা ভাষায় বই লিখেছেন।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রোয়াংছড়ি কলেজের প্রভাষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যা, বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত বাগান চাষি তোয়ো ম্রো, শিল্পী প্রেন প্রে ম্রোসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
