রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (১০ জুলাই) সকালে তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁনসহ জেলা, উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন। নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
