বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। বিএনপি জনগণের সরকার। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং থাকবো। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি ভাবে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭জুলাই) দুপুরের দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপরোক্ত এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, দেশের যেসব এলাকা বন্যায় কৃষি, গবাদিপশু, সড়ক, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব স্থানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ কার্যক্রম শেষে বিভিন্ন অবকাঠামো পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার থেকে চকরিয়ায় পৌঁছে প্রথমে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন্যাকবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত কুমারীছড়া এবং ছড়াকুল এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খাদ্য, আশ্রয় ও দৈনন্দিন জীবনযাপনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরে চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকায় মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া বিভিন্ন বাড়ি-ঘর ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন। তিনি মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মাতামুহুরী নদীর ভাঙনের ফলে বসতভিটা, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয়রা মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় ক্ষতিগ্রস্তরা নদীভাঙন রোধে দ্রুত ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পরে কোচপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী উপহার বিতরণ করেন। ত্রাণ বিতরণের পরেই স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভার নামার চিরিংগা পুরাতন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে স্বরাষ্ট্র মন্ত্রী উপজেলার লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন ফরায়েজি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম.গিয়াস উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা, লক্ষ্যারচর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম ছাবু, সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুছ, সুরাজপুর মানিকপুর ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
