parbattanews

বন্যার্তদের সহায়তায় আল নজির ফাউন্ডেশন

আর্ত মানবতার সেবায় এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে আল নজির ফাউন্ডেশন। ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে বন্যাকবলিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে রিকশা, ভ্যানগাড়ি এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে ফাউন্ডেশনটি।

সোমবার‌ (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. আল্লামা শাইখ হারুন আজিজি নদভী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধাসের হাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল জব্বার এবং সভাপতিত্ব করেন ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির সচিব ও মহদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. নুরুন নবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ আজিজুল হক মাক্কী, সংগীত শিল্পী সাইদ জামান, কারী তৈয়বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং সহায়তাপ্রাপ্ত অসহায় জনগণ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আল্লামা হারুন আজিজি বলেন, আল নজির ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্তমানবতার সেবায় অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে। ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজকের এই বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, অতীতেও ফাউন্ডেশনটি জেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তিনি উপস্থিত সবার কাছে ফাউন্ডেশনের জন্য দোয়া প্রার্থনা করেন যাতে ভবিষ্যতেও এই সহায়তার ধারা অব্যাহত রাখা সম্ভব হয়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

Exit mobile version