রাঙামাটির দুর্গম বরকল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ বর্ডার গার্ডের ( বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শুক্রবার (১০ জুলাই) সকালে ছোট হরিনা বিজিবির অধীনস্থ ১২ বিজিবি ঘাট এলাকায় নদীপথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
অভিযানে অংশ নেওয়া ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, তার নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
গত ২৮ জুন পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।
