
জেলা প্রতিনিধি, কক্সবাজার:
বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে একটি চক্র কোথাও কোথাও গণমাধ্যমের মুখোশ পরে গুজব, মিথ্যাচার ও রাষ্ট্রদ্রোহী সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিবেশী দেশ গুলোর সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্রও চালিয়ে যাচ্ছে। সরকার সেইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে বলে হুশিয়ারী উচ্চারন করেন গণমাধ্যম সংশ্লিষ্ট এই মন্ত্রী।
তিনি ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক সংসদ কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী “সিএসএস সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ২০১৪” এর সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষন কর্মশালার প্রধান সমন্বয়ক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। এরপর প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৩০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদ পত্র তুলে দেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।