parbattanews

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে সিএনজি-মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) ও শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মোহাম্মদ বাহাদুর (২৮)।

রবিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে, গরুর বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মাছবোঝাই মিনিট্রাক বাঁশখালী অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি-চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অটোরিকশাটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী বীর মোহাম্মদ বাহাদুর ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজন নোমান মোহাম্মদ ইলাহিসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নোমানের মৃত্যু হয়।

তারা উভয়ই চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘাতক ট্রাক তাদের প্রাণ কেড়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, মাছবোঝাই একটি মিনিট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহেশখালীর দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version