parbattanews

বাংলাদেশের  ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেয়া হবে না : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি সংগৃহীত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত থেকে যারা এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৬ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনায় এক প্রশাসনিক বৈঠক ও কর্মীসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

দিনের শুরুতে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজি (দক্ষিণবঙ্গ)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপাররাও।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। তার অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল।

সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় মামলা দায়েরের নির্দেশও দেন তিনি।

প্রশাসনিক বৈঠক শেষে ফলতায় এক কর্মীসভায় বক্তব্য দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “তৃণমূলের কোনো নেতাকর্মী যদি ঘরছাড়া থাকেন, তবে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ সুপারের। তবে শর্ত হলো— ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম থাকা যাবে না।”

এ সময় তিনি আরও বলেন, “যারা মা-বোন ও শিশুকন্যাদের ওপর নির্যাতন চালিয়ে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Exit mobile version