parbattanews

বাংলাদেশের ভেতরে আছড়ে পড়ল ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ড্রোন

ছবি সংগৃহীত।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের ভেতরে আছড়ে পড়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুগলিবাড়ী সীমান্তের জিরোপয়েন্ট এলাকায় মেইন পিলার ৮৪১/৮এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতরে ড্রোনটি পড়ে। ভারতের পশ্চিমবঙ্গের ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও ধারণের সময় এটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায়।

ঘটনাস্থলের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে ড্রোনটি একটি ভুট্টাখেতে আছড়ে পড়ে। পরে ওই ব্যক্তি বিষয়টি স্থানীয় বিজিবিকে জানালে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে ড্রোনটি উদ্ধারের জন্য বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের ৯৮ হিমালয় ক্যাম্প থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ড্রোনটি ফেরত চাওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উৎসঃ দেশ রূপান্তর (৫ মে ২০২৬)

Exit mobile version