নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান বুধবার নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্পিকারকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট অব দ্য জেনারেল অ্যাসেম্বলি (পিজিএ) নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার প্রতি নেপালের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ–নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে চলছে। তিনি জ্বালানি, বাণিজ্য, পর্যটন, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সার্ক ও বিমসটেকসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
নেপালের স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা নেপালের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিন্ন ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান এবং বাংলাদেশে নেপালি শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও বৃত্তি সুবিধা অব্যাহত রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
