parbattanews

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে : পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান তিনি।

ইসহাক দার বলেন, বাংলাদেশে ৩৬ ঘণ্টার এক ব্যস্ত ও ফলপ্রসূ সফর শেষ হয়েছে। সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য ও শুল্ক কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। এ ছাড়া সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতারা, বুদ্ধিজীবী, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিক, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ ও অর্থবহ। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

Exit mobile version