parbattanews

বাইশারী বাজারে অগ্নিকাণ্ড, ৪ দোকানসহ চার বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকানসহ চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৬ মে) ভোর ৪ টার দিকে বাইশারী বাজারের হাফেজ খানা সংলগ্ন আবদুস সালাম প্রকাশ কেরাম মাঝির মালিকানাধীন দোকান ঘর ও ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

এসময় চারটি দোকান ও চারটি ফ্যামিলি বাসা পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মধ্যে রয়েছে, কামাল হোসেনের এস্ক্রাপের দোকান, জাহাঙ্গীর এর মুদি দোকানের রক্ষিত মালালাল এর দোকান, রাবার ব্যবসায়ী আজম ও ইউছুপ নবীর মজুদ করা রাবার, ওসমান ও জালাল আহাম্মদের কাপড়ের গাইড ছিল বলে তারা জানান।

এতে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, প্রথমে তার পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত দেখে ঘুমন্ত লোকজনকে সজাগ করে বাসা থেকে বের হয়ে মসজিদের মাইকে আগুন লাগার কথাটি ঘোষণা করার পরপরই শত শত লোকজন এসে আগুন নিভানোর প্রাণপণ চেষ্টায় শত শত দোকান রক্ষা পায়। তবে কীভাবে আগুন লেগেছে বিষয়টি কেউ জানেনা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন সাহা ও সংগীয় ফোর্স।

এছাড়াও ঘটনা স্থলে আসেন বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আলম কোম্পানি। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করছেন বলে জানান।

বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুন নিয়ন্ত্রণ করা না গেলে বিশাল বাজার রক্ষা করা যেত না। তিনি আরও বলেন, মালামালের ক্ষতি হলেও ঘুমন্ত মানুষগুলো নিরাপদে বের হয়ে আসতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version