parbattanews

বাঘাইছড়ির একটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পেলো ৩০ পরিবার

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম বল্কের (নূরালীর দোকান হতে ৯নং ওয়ার্ড মাতাব্বর পাড়া) প্রায় ২কিলোমিটার ভেতরের একটি ছোট্ট গ্রাম এতদিন থেকেছে অন্ধকারে। চারপাশের এলাকাগুলো বিদ্যুৎ সুবিধা পেলেও প্রায় ৩০টি পরিবার নিয়ে গঠিত এই গ্রামটি ছিল বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত।

স্থানীয়দের মতে, এই বিদ্যুৎ সংযোগ শুধু আলো নয়, নতুন আশার দ্বার খুলে দিয়েছে। শিশুদের পড়ালেখা, পারিবারিক কাজ ও সামাজিক উন্নয়নে এটি হবে এক বড় পরিবর্তনের সূচনা।

এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসের (RI) সুগত চাকমা। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। তবে এই কাজের শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পরিশেষে এই উদ্যোগটি সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে জানান এলাকাবাসী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মো. রবিউল হোসেন জানান, বিগত সময়গুলিতে স্থানীয় সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নিলেও, সম্প্রতি বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে এলাকাটি। যা অত্যন্ত আনন্দের। এজন্য তিনি রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানান। তাঁর পরামর্শ ও নির্দেশনায় এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় সফলভাবে বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

Exit mobile version