বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে বৈঠক করেছেন জাপানের এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে বৈঠক করেছেন তারা।
অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর হওয়ায় বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে জাপানি উদ্যোক্তাদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন জেটরোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কাজুইকি কাটাওকা বলেন, নির্বাচনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে গ্রহণের পর বিনিয়োগ পরিবেশ উন্নত হয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের ইপিএ চুক্তি স্বাক্ষর বাণিজ্য সম্ভাবনা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেক জাপানি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। জাপানি বিনিয়োগ এ দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ও সুযোগসমূহ তুলে ধরেন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
খন্দকার মুক্তাদির বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক। এটি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের ইপিএ আলোচনার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে কাজ করবে।
