parbattanews

আলীকদমে হামের প্রাদুর্ভাব, ঠাই মিলছে না হাসপাতালে

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আলীকদম সদর, কুরুকপাতা ও নয়াপাড়া ইউনিয়নে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকারে। ৩১ সয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে ঠাই মিলছে না আক্রান্ত শিশুদের। মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাদের।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসান পার্বত্যনিউজের প্রতিনিধিকে জানান, গত দু্ই দিনে তাদের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭১ জন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসাধীন রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট ১৬৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, ৭১ জন ছাড়া সবাই চিকিৎসায় সুস্থ্য হয়ে ঘরে ফিরেছে।

সরেজমিনের আমাদের প্রতিনিধি হাম আক্রান্ত শিশুদের হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখেন। প্রতি কক্ষে ১০/১২ জন করে শিশু চিকিৎসাধীন আছে। উপজেলা হাসপাতালটি ৩১ সয্যা বিশিষ্ট। হামের রোগির সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় সবাইকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ফ্লোরে থাকতে হচ্ছে অসুস্থ্য শিশু ও অভিভাবকদের।

সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমের খবরে আলীকদমে এখন পর্যন্ত পাঁচটি শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ম্রো সম্প্রদায় অধ্যুষিত এই দুর্গম এলাকায় জরুরি ভিত্তিতে সরকারী সহায়তা না পৌঁছালে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে আলীকদমের দুর্গম এলাকাগুলোতে টিকা কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

Exit mobile version