parbattanews

বান্দরবানে আন্তর্জাতিক মানের রিসোর্ট তৈরির চুক্তি স্বাক্ষর

Bandarban pic-8.6
স্টাফ রিপোর্টার:
পর্যটন বিকাশে প্রাকৃতিক লীলাভূমি বান্দরবানে এবার তৈরি করা হচ্ছে পাঁচ তারকা মানের রিসোর্ট। পর্যটন শিল্পের বিকাশে জেলার থানছি উপজেলার জীবন নগর এলাকায় চন্দ্র পাহাড় নামক স্থানে বিশ একর জমির উপরে শত কোটি টাকা ব্যয়ে এ রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পাহাড়ের আকৃতি চাঁদের মত হওয়ায় রিসোর্টের নাম দেয়া হয়েছে চন্দ্র পাহাড় হিল রিসোর্ট।চট্টগ্রামের আঞ্চলিক সেনা রিজিয়ন এবং আরএন্ডআর গ্রুপ যৌথভাবে বিলাসবহুল রিসোর্টটি নির্মাণ করবে।

সোমবার দুপরে সেনাবাহিনীর ৬৯ সেনা রিজিয়নে  অফিসার্স মেসের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের আঞ্চলিক সেনা রিজিয়ন এবং আরএন্ডআর গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল সফিকুল ইসলাম এবং আরএন্ডআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রনহক সিকদার।

এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, রাঙামাটি ১০৫ রিজিয়ন কমান্ডার সানাউল, চট্টগ্রাম রিজিয়নের স্টেশন অফিসার কর্নেল বদরুল, সদর জোনের কমান্ডার লে: কর্নেল রাজু আহমেদ, বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ান কমান্ডার লে: কর্নেল কামরুল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, বান্দরবান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমানসহ সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল সফিকুল ইসলাম বলেন, দেশের পর্যটন শিল্পের নতুন দিগন্তের সূচনা হবে চন্দ্র পাহাড় হিল রিসোর্ট। অর্থনৈতিক ফায়দার জন্য নয়, শুধুমাত্র পর্যটন শিল্পের বিকাশের জন্য আন্তর্জাতিক মানের রিসোর্ট করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেনাবাহিনী দেশের পর্যটন শিল্পে আমূল পরিবর্তন ঘটিয়েছে।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে নান্দনিক স্থাপত্যের এবং আর্ন্তজাতিক মানের হোটেল রেডিসন নির্মাণ করেছে। বান্দরবানের থানছিতে আলীকদম-থানছি দেশের সবচেয়ে উচু সড়ক পথ তৈরি করেছে। প্রধানমন্ত্রী যে কোনোদিন সড়কটির উদ্ধোধন করবেন। তারই ধারাবাহিকতায় আরএন্ডআর গ্রুপের আর্থিক সহযোগিতায় বান্দরবানের থানছিতে আন্তর্জাতিক মানের রিসোর্টটি নির্মাণ করা হবে। খুব শীগ্রই এটির নির্মাণ কাজ আরম্ভ হবে এবং আগামী দু’বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে।

বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার নকিব আহমেদ চৌধুরী জানান, আরএন্ডআর গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর চট্টগ্রামের আঞ্চলিক রিজিয়নের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। পার্বত্য জেলা পরিষদ থেকে আগামী পঁচিশ বছরের জন্য ২০ একর পাহাড়ী জমি লিজ নেয়া হয়েছে রিসোর্ট তৈরির জন্য। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখেই আর্ন্তজাতিক মানের রিসোর্টটি তৈরি কর হবে। এখানে প্রেসিডেন্সিয়াল স্যুট, রয়েল স্যুট, আলাদা সুইমিংপুল, শপিং জোন, বার, জিম, রেস্টুরেন্টসহ পর্যটনের সব ধরণের সুযোগ সুবিধা রাখা হবে। উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত লোকজনের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে। এই স্পটে পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্যও দেখা যাবে।

Exit mobile version