বান্দরবান সংবাদদাতা:
জামায়াতের চট্টগ্রাম মহানগর আমীর সাবেক সাংসদ এম শামসুল ইসলাম ও ২১ নেতাকর্মীর মুক্তির দাবীতে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ডাকা ২৪ ঘন্টার হরতালে দূর্ভোগে পড়েছে পর্যটক ও সাধারণ মানুষ।
বুধবার সকাল থেকে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূর পাল্লার কোন বাস চলাচল করেনি। কয়েকটি মার্কেটের দোকানপাট বন্ধ থাকলেও অফিস-আদালত এবং ব্যাংক-বীমায় কাজকর্ম চলেছে স্বাভাবিক নিয়মে।
বান্দরবান থেকে ছেড়ে যায়নি চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ দূরপাল্লার কোনো যানবাহন। কেরানীহাট, রাঙামাটিসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে হরতালের সমর্থনে বান্দরবানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোনো পিকেটিং বা মিছিল-মিটিং করেনি। সকাল থেকেই নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে পুলিশসহ বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
