parbattanews

বান্দরবানে নারী পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবা‌নের আলীকদ‌মের ঝরনার প্রবল পানি স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্মৃতি আক্তার (২৪) নামে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে আলীকদম তৈন খালের আমতলীঘাট থেকে পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার বাকি সাভার গ্রামে হাবিবুর রহমানের মেয়ে।

পর্যটকরা জানিয়েছে, ১৯ জনের একটি দল আলীকদমের ক্রিস্টং পাহাড়ের উদ্দেশে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ক্রিস্টং পাহাড় ও আশপাশে ঘুরে শামুক ঝরনা নামের একটি ঝিরি পার হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ঝরনার পাড় হওয়ার সময় প্রবল পানি স্রোতে তিন পর্যটক ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও আরো এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তৈন খালের ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল এসে আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ হওয়ার তিনজনের মধ্যে তিনি নারী পর্যটক বলে নিশ্চিত করেছেন পুলিশ।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির বলেন, সকালে তৈল খাল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুজন পর্যটক মরদেহ উদ্ধার হলেও আরো এক পর্যটকের নিখোঁজ রয়েছে। উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version