parbattanews

বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের ডাক ধর্মীয় নেতাদের

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের উন্নয়নের ডাক দিলেন বিভিন্ন ধর্মীয় নেতারা। ধর্মীয় নেতা, রাজনৈতিক এবং প্রথাগত জনপ্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতির এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে উন্নয়ন সংস্থা তহজিংডং এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

‘বৈচিত্রময় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও ঐক্যের উন্নয়ন’ শীর্ষক সভায় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন আল ইমামী বলেন, অপপ্রচারের কারণে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। ইসলামকে সাম্প্রদায়িক, অমানবিক, জঙ্গীবাদী হিসেবে উপস্থাপন করছে একটি মহল। প্রশাসন এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যারা আছি আমাদেরকে নিরপেক্ষ, ন্যায় বিচার, উদার মনের হতে হবে, মানবিক মনের হতে হবে।

ভিক্ষু উঃতিক্ষিন্দ্রিয় থের বলেন, প্রতিটি মানুষ সুখসন্ধানী। শান্তি, সম্প্রীতি ও ঐক্য না থাকলে সেখানে সুখ থাকেনা। উন্নয়ন তো হবেইনা। মানুষের শত্রু বাইরে নয়, নিজের ভেতরের লোভ ও হিংসাই মানুষের বড় শত্রু। এই শত্রুকে দমন করতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

ফাদার বিনয় গমেজ বলেন, আমি যেন প্রথমে অন্যের শান্তি ভঙ্গ না করি। আমরা যেন সবাই নিজের অবস্থানে থেকে শান্তির পরিবেশ সৃষ্টি করতে পারি। আমি যেন আমার গীর্জাতে প্রার্থনা করতে পারি, মুসলিম ভাইদের জন্য, হিন্দু ভাইদের জন্য, বৌদ্ধ ভাইদের জন্য। তারাও যদি আমাদের জন্য প্রার্থণা করে, তখন আমাদের অনুসারীরা সেগুলোকে অনুসরণ করবে।

পুরোহিত শঙ্কর চক্রবতী বলেন, কারো উপর উগ্রতা দেখানোর জন্য কোন ধর্মের গ্রন্থেই বলা হয়নি। আমরা যদি নিজে পরিবর্তিত হই, তাহলেই সমাজ পরিবর্তন হবে।

তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসাইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মুইন, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উঃপঞঞানন্দ মহাথের, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সাধারণ সম্পাদক উঃতিক্ষিন্দ্রিয় থের, ফাতিমা রানী ক্যাথলিক চার্চের ফাদার বিনয় গমেজ, ব্রাদার বাবলু পান্ত্রা, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবর্তী বক্তব্য রাখেন। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সভাটিতে উপস্থিত থেকে এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিজ নিজ মতামত তুলে ধরেন।

Exit mobile version