parbattanews

বান্দরবানে ছাত্র শিবিরের ৯ কর্মী আটক

ছবি: বিভিন্ন বাসা-বাড়িতে শিবির কর্মীদের আটক অভিযান চালাচ্ছে পুলিশ। দুপুরে পৌর শহরে আর্মি পাড়া এলাকার থেকে তোলা।

বান্দরবানে অভিযান চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদার রশিদ, সদস্য ফরম ও বই উদ্ধার করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়ায়টায় পৌর শহরের আর্মি পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন, মো. মুক্তার হোসেন (২১), মো. জাকের উল্লাহ(২৫), কলিম উল্লাহ (২৪), মো. ফারহান (১৭), আব্দুল্লাহ আল নাঈম (১৮), আমজাদ মাহবুব রিফাত (১৮), ইমরান হোসেন আসিফ (১৮), কলিম উল্লাহ (২১) ও মো. হাসান সোহেল (২৩)। তারা কক্সবাজার, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও সাতকানিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো, লিফলেট বিতরণসহ চাঁদা সংগ্রহ করে আসছিলেন তারা। পরে গোপন সংবাদ পেয়ে পৌর শহরে বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৯ জন ছাত্র শিবির কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বই, চাঁদার রশিদ ও সদস্য সংগ্রহ ফরম উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, সমাবেশকে ঘিরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পোস্টারিং করার কারণে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version