parbattanews

বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব অনুষ্ঠিত

“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সেবা উৎসবের মাধ্যমে সাধারণ মানুষ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন।

সমাজসেবা কার্যালয় তথ্যমতে, সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যাপিটেশন গ্র্যান্টসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে এ সেবা উৎসবের আয়োজন করা হয়েছে।

সভায় সমাজসেবা অধিদপ্তরে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version