parbattanews

বান্দরবান আ.লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ ঢাকায় গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতা’সহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক রয়েছেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ সদস্য লক্ষ্মীপদ দাস।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের স্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপদ দাসের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সীমা দাশ।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর লক্ষ্মীপদ দাসকে দুপুরের পর দুর্নীতি দমন কমিশন ( দুদক) অফিসে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত ফ্যাসিস্ট সরকারের দোসর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে বান্দরবান নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ফ্যাসিস্ট দোসর লক্ষ্মীপদ দাস গ্রেপ্তারের খবরে বান্দরবান মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বান্দরবান থানায় ৪টি মামলা রয়েছে। তাকে আনা হলে অবশ্যই আপনাদের জানানো হবে।

Exit mobile version