নিজস্ব প্রতিবেদক :
বান্দরবান-কেরানীহাট সড়কে টোল ট্যাক্স আদায়ে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ ও পৌরসভার মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সকালে বান্দরবান জেলা পরিষদ সম্মেলন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং পৌর মেয়র মো. জাবেদ রেজা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী নরুল আবছার, সদস্য ক্য সা প্রু, পৌর কাউন্সিলর দীলিপ বড়ুয়া, মো.আলী, ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন। বান্দরবান-কেরানীহাট মহাসড়কে যাতায়াতকারী কৃষি ও অর্থকারী পণ্যবাহী যানবাহনে টোল আদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের ফলে সদর উপজেলার সুয়ালকে জেলা পরিষদ এবং মেঘলায় পৌরসভা নিয়ন্ত্রিত একাধিক টোল পয়েন্টের পরিবর্তে জেলা পরিষদ নিয়ন্ত্রিত সুয়ালকে অবস্থিত টোল ট্যাক্স আদায় পয়েন্ট সকল পণ্যবাহী যানবাহনকে এখন থেকে রাজস্ব পরিশোধ করতে হবে। চুক্তি অনুযায়ী আদায়কৃত রাজস্বের ৬০ শতাংশ জেলা পরিষদ এবং ৪০ শতাংশ অর্থ পৌরসভার কোষাগারে জমা হবে।
পৌর মেয়র জাবেদ রেজা বলেন, এই চুক্তির মধ্যে দিয়ে কৃষক ও ব্যবসায়ীদের অনেক দিনের একটি দাবি বাস্তবায়ন হয়েছে। এই চুক্তির ফলে অতীতের তুলনায় ৩০-৪০% টোল ট্যাক্স কমে যাবে। এর ফলে প্রান্তিক কৃষকদের পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় জেলা পরিষদ ও পৌরসভার একধিক টোল পয়েন্ট বাতিলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল ব্যবসায়ীরা।
