parbattanews

‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্যে এ কথা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেটা সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস—সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আট এর মধ্যে, সেটা তুলে দেওয়া হয়েছে। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করবো।

খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।

Exit mobile version