বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন চলচ্চিত্রের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সরকার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আবারো চলচ্চিত্রের উন্নয়ন করবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান প্রবর্তন করেছেন, বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করেছেন, বিটিভি সাদাকালো থেকে রঙিন করেছেন, বিএফডিসি আধুনিকায়ন করেছেন।
শনিবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আয়োজনে বিএফডিসি গেটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ৫০০ শতাধিক মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।
এ সময় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, বিগত ১৭ বছর এফডিসি ধ্বংস করা হয়েছে, বিএনপি চলচ্চিত্রের যত উন্নয়ন করেছে পলাতক ফ্যাসিস্ট সরকার সেটি ধ্বংস করে চলচ্চিত্রের শেষ করে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা হবে।
