parbattanews

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পক্ষে নেই এনসিপি, পদত্যাগ করলেন অলিক মৃ

খাগড়াছড়ি সদরে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অপতৎপরতা ও গত কয়েকদিনে তাদের চলমান সহিংস নাশকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেনো নীরব এবং এনসিপি নেতা হান্নান মাসউদের প্রতিবাদী উচ্চারণ মেনে নিতে পারেনি অলিক মৃ নামে এনসিপির উত্তরাঞ্চলের দায়িত্বে থাকা একজন কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক। এই অভিমানে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

আজ ২৯ সেপ্টেম্বর দেয়া ওই ফেইসবুক স্ট্যাটাসে তিনি পদত্যাগের বিষয়ে জানান যে, ‘আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টি -এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করে পার্টির ইমেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

অনেকে ধারণা করছেন, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হুমকি কিংবা চাপে পড়ে তিনি এই পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছে। কেননা, যে সংগঠনের নীরবতার কারণে তিনি পদত্যাগ করলেন পদত্যাগপত্রে সেই সংগঠনেরই শুভকামনা জানিয়েছেন অলিক মৃ। শুধু তাই নয়, দল ছাড়লেও দলের স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছাড়েনি তিনি। স্ট্যাটাস সমাপ্ত করেন, ‌’ইনকিলাব জিন্দাবাদ’ লিখে। গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন।

উল্লেখ্য, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করতে চায়। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত শেষ ট্রাম্পকার্ড খেলছে, একটি ভুয়া ধর্ষণের ঘটনার মাধ্যমে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি, ২০২৫ সালেও ভারতের মোকাবিলা করবো’।

Exit mobile version