কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিজিবি’র ‘ধাওয়া খেয়ে দুই কেজির বেশী মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইস ফেলে পালালো পাচারকারী।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তবে পলাতক পাচারকারীকে শনাক্ত করা সম্ভব না হলেও তা বের করতে বিজিবি খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
মহিউদ্দীন আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে বিজিবির সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে ওই এলাকায় অভিযান শুরু করে। এক পর্যায়ে রাত ১২ টার দিকে সমুদ্র সৈকতের দিক থেকে আসা সন্দেহজনক এক ব্যক্তিকে মেরিন ড্রাইভ সড়কের উপর দেখতে পায় বিজিবির সদস্যরা। এতে ওই লোককে থামার জন্য নির্দেশ দিলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
“ এসময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলে লোকটির থাকা একটি পোটলা ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পোটলাটি উদ্ধার করা হয়। পোটলাটি খুলে পাওয়া যায় ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। “
পলাতক পাচারকারীকে চিহ্নিত করতে বিজিবি প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান, বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।
লে. কর্নেল মহিউদ্দীন জানান, উদ্ধার করা মাদকের চালান বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রয়েছে।
