দ্বিতীয় বিবাহবার্ষিকীর আনন্দ তখনো শেষ হয়নি। স্ত্রী নিঝুম ইমাকে (২২) নিয়ে নতুন স্বপ্ন বুনছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. সাকিব ইমন (২৬)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই আনন্দের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ। মুহূর্তেই উৎসবের হাসি পরিণত হলো আজীবনের কান্নায়।
রোববার (১৯ জুলাই) রাতে কক্সবাজারের ঝিলংজা দরগাপাড়া স্টেশনের পূর্ব পাশে ট্রেনিং পয়েন্ট এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টা আগেই স্ত্রীকে নিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন ইমন। কে জানত, সেটিই হবে তাদের একসঙ্গে কাটানো শেষ আনন্দের দিন!
নিহত সেনাসদস্য মো. সাকিব ইমন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের শহরতলীর চরগ্রামের সাবেক সেনা সদস্য কবির ডাকুয়ার একমাত্র পুত্র। মাত্র দুই বছর আগে তার বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান নেই।
ইমনকে হারিয়ে তার মা-বাবা এখন শোকে বাকরুদ্ধ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। যে সন্তানকে ঘিরে ছিল তাদের জীবনের সব আশা-ভরসা, সেই সন্তান আজ চিরবিদায় নিয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার (২০ জুলাই) পরিবারের কাছে মৃত্যুর সংবাদ আসে। জানা গেছে, ময়নাতদন্ত শেষে ক্যান্টনমেন্টে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করে আজ হেলিকপ্টারযোগে মরদেহ বাগেরহাটে পাঠানো হবে।
