নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারে বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশনের একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় পাইটলসহ নিহত তিন বিদেশির মৃতদেহ সংস্থাটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন পুলিশ।
বুধবার বিকালে নিহত ৩ বিদেশির মৃতদেহ যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে পৌঁছে দিতে ট্রু এভিয়েশনের কাছে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।
এসআই আব্দুর রহিম বলেন, বুধবার বিকালে কাগজপত্রে স্বাক্ষরের পর এ তিন জনের মৃতদেহ ট্রু এভিয়েশনের লোকজন গ্রহণ করেন। মৃতদেহগুলো এখনো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবেন কখন ও কীভাবে মৃতদেহগুলো স্বজনদের কাছে পৌঁছাবেন।
বিষয়টি নিয়ে কথা বলতে ট্রু এভিয়েশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে সংস্থাটির কেউ কোনো প্রকার কথা বলতে রাজি হননি।
এক সপ্তাহ আগে বেসরকারি বিমান সংস্থা ট্রু এভিয়েশনের একটি কার্গো বিমান কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ তিন বিদেশি নিহত হন। আহত হয়েছেন আরও একজন বিদেশি। কার্গো বিমানটি চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল।
এতে নিহতরা হলেন, বিমানটির পাইলট মুরাদ কাপারত, ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ আন্দ্রে ও কো-পাইলট ইভান ডেমান। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কো-পাইলট ডলোডারমান।