parbattanews

বিশ্বকাপে ৯২ বছরের অপেক্ষা শেষে মিসরের ঐতিহাসিক জয়

বিশ্বকাপে দীর্ঘদিনের পরিচিত দল মিসর অবশেষে প্রথম জয় পেয়েছে। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ তিন আসরে অংশ নিয়ে আট ম্যাচ খেলেও জয় পায়নি দলটি। প্রায় ৯২ বছরের সেই অপেক্ষার অবসান ঘটল সোমবার।

সোমবার ( ২২ জুন) ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ের ফলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও টিকিয়ে রাখল তারা।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ১৫ মিনিটে ফিন সারম্যান হেডে গোল করে দলকে লিড এনে দেন। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিসর। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে হেডে গোল করেন মোস্তফা জিকো। এরপর ৬৭ মিনিটে মোস্তফা জিকোর অ্যাসিস্টে বাঁ পায়ের দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ।

৮২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসান। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মিসর।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে এসে প্রথমবারের মতো জয় পেল ‘ফারাওরা’। একই সঙ্গে টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে ইরান ও বেলজিয়াম রয়েছে পরের দুই স্থানে।

Exit mobile version