parbattanews

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেফতার ১৬০

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে ফ্রান্সের পরাজয়ের পর রাজধানী প্যারিস ও লিওঁ শহরে সহিংসতা, ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৬০ জনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।

তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতের ম্যাচ শেষ হওয়ার পর প্যারিসের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্যারিস পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, রাজধানী অঞ্চলে সংঘটিত সহিংসতার ঘটনায় ১৪১ জনকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার হওয়া অধিকাংশ ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার এবং অন্যান্য বিপজ্জনক বস্তু নিক্ষেপের অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, লিওঁর প্লেস বেলকুর এলাকায় সেমিফাইনাল ম্যাচ দেখতে কয়েকশ ফুটবল সমর্থক জড়ো হয়েছিলেন। স্পেনের জয়ের পর সেখানে কয়েকটি দল পুলিশের দিকে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দাঙ্গা পুলিশ হস্তক্ষেপ করে এবং গোলযোগে জড়িত থাকার অভিযোগে প্রায় ২০ জনকে গ্রেফতার করে।

তবে এসব ঘটনার পরও কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি, লিওঁতে উল্লেখযোগ্য কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।

Exit mobile version