ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুথানের অন্যতম নাম শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল এই জনসমাগমকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো।
কাতারভিত্তিক আল জাজিরা হাদির জানাজার জনসমুদ্রের ছবি প্রকাশ করে তাকে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে অভিহিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জানাজায় অংশগ্রহণ এবং জাতীয় কবির পাশে হাদির দাফনকে বাংলাদেশের ইতিহাসে এক বিরল সম্মান হিসেবে বর্ণনা করেছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি হাদির স্মরণে লাখো মানুষের আবেগঘন স্লোগান ও ড. ইউনূসের শোকাতুর বার্তার প্রতি আলোকপাত করেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তার মধ্যে এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার খবর দিয়েছে।
এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এবং সাউথ চায়না মর্নিং পোস্টেও বাংলাদেশের এই তরুণ বিপ্লবীর অকাল প্রয়াণ ও তার প্রতি সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার পর ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি। তার মৃত্যুতে শনিবার(২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
