উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইয়াছির জাহান হোসেন পিএসসি মাটিরাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বৈসাবী বা নববর্ষ উদযাপনের নামে কোন ধরনের অসামাজিক কর্মকান্ড বরদাস্ত করা হবেনা।
নববর্ষ উপলক্ষে জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জুয়ার আসর হচ্ছে উল্লেখ করে লে. কর্ণেল ইয়াছির বলেন, এসবের দ্বারা সুস্থ বিনোদন যেমন হচ্ছেনা তেমনি যুবসমাজও বিপদগামী হচ্ছে। অন্যদিকে এসব কর্মকান্ডের কারণে অপরাধীরাও সুযোগ গ্রহণ করে বলে তিনি উল্লেখ করে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগে যেকোন অপরাধ সংগঠিত হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে।
তিনি আজ মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করে বলেন, আমি একটি দলের সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালনে আমি সম্পুর্ন নিরপেক্ষতা বজায় রাখবো।
এতে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শহীদ ড. মোহাম্মদ মাহে আলম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর ইকবাল হোসেন, জোনাল স্টাফ অফিসার মেজর হানিফুর রহমান ভুইয়াসহ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
