parbattanews

বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন বিএনপি প্রতিনিধি দল

Boddho Vantte-23-05-2016

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বান্দরবান জেলা বিএনপি সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল বাইশারী বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা বাইশারীতে অবস্থান করেন।

এ সময় বিএনপি প্রতিনিধি দলের পক্ষে দুই সদস্য উপর চাকপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ. ধাম্মা উয়াইচাসহ চাক সম্প্রদায়ের নারী পুরুষদের সাথে আলোচনায় মিলিত হন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে বৌদ্ধ ভিক্ষু মংশৈ উ চাক হত্যার ঘটনায় বৌদ্ধ সম্প্রদায় ও স্বজনদের খোঁজ খবর নিতে প্রতিনিধি দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে যান।

এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলেন, ‘আমরা বৌদ্ধরা শান্তিতে বিশ্বাসী’। আমরা মনে প্রাণে বিশ^াস করি সমস্ত জনগোষ্ঠী একই রক্তের মানুষ। তাই বৌদ্ধ ভান্তে হত্যার বিষয়টি রাজনৈতিক ভাবে না দেখে সম্মিলিত ভাবে কাজ করলে প্রকৃত দোষীরা রক্ষা পাবে না। এ সময় তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান। প্রতিনিধি দলটি বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও এলাকার অন্যান্য প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে বান্দরবান জেলা বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা দলীয় ভাবে এলেও নিরপেক্ষ ভাবে তথ্য সংগ্রহ করছি। সর্বশেষ পরিস্থিতির বিষয়ে ম্যাডামের (বেগম খালেদা জিয়া) নিকট জানানো হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানী, সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং মার্মা, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক, উপজেলা ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, বাইশারী ইউনিয়ন যুবদল আহ্বায়ক মো. জসিম উদ্দিন, বান্দরবান পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলো, বান্দরবান সদর উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আমিন ফরহাদ, স্থানীয় ইউপি সদস্য থোয়াইছাহ্লা চাক, মংছানু হেডম্যান, অংচাইগ্য চাক, মাষ্টার ধুংচাই প্রমূখ।

উল্লেখ্য, গত ২০ মে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভায় সিদ্ধান্ত অনুসারে প্রতিনিধি দল বৌদ্ধ ভিক্ষু হত্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে বাইশারী যান।

Exit mobile version