parbattanews

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড। গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারের অনুপস্থিতিতে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে মরক্কো টিম ম্যানেজমেন্ট।

রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পান। ফিফার হালনাগাদ তালিকা অনুযায়ী, তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অ্যাঙ্গার্সের আমিনে সাবাই।

অন্যদিকে, ঊরুর অস্ত্রোপচারের কারণে গত মার্চের পর থেকেই মাঠের বাইরে আছেন মার্সেইয়ের সেন্টার-ব্যাক নায়েফ অগার্ড। বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি দল। ফলে অগার্ডের পরিবর্তে মারওয়ানে সাদানেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খেলোয়াড় পরিবর্তনের বিষয়ে মরক্কো টিম ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, ইনজুরিতে পড়া দুই সতীর্থের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক আশরাফ হাকিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি-র এই তারকা ডিফেন্ডার লিখেছেন, ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে দলের জন্য তোমরা যা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আমরা মাঠে তোমাদের জন্যই লড়াই করবো। তোমাদের জন্য অনেক ভালোবাসা।

আগামীকাল শনিবার দিবাগত রাতে নিউ জার্সিতে গ্রুপ-‘সি’-এর হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।

Exit mobile version