parbattanews

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশুসহ চার সদস্য রয়েছেন। নিহতরা হলেন, মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) ও বাবর (৩০)। নিহতরা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সৌদি আরবে আবহা শহরে সড়কে স্থানীয় সময় রাত ৩টা ও বাংলাদেশ সময় রাত ১১টায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় এই পরিবারের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম বলেন, আমার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান।

নিহত মিজানুর রহমানের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূইয়ার মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী গ্ণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে আমরা বিষয়টি জানতে পেরেছি। সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

Exit mobile version