ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলায় বালু উত্তোলনের বিরোধকে কেন্দ্র করে বিবাদ এবং এক চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তাঁদের এসইউভি গাড়িটিকে কয়েকটি ট্রাকের মাঝখানে আটকে ফেলে তাতে অগ্নিসংযোগ ঘটানো হয়। তাতেই এই হতাহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ছত্তিশগড়ের কোরিয়া জেলায় ভয়াবহ এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ রয়েছে যে একাধিক ট্রাক দিয়ে একটি ফরচুনার এসইউভিকে ঘিরে ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ভেতর থেকে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
ভরত সিং ছাড়াও নিহত অন্য দুজন হলেন বীরেন্দ্র সিং এবং নগেন্দ্র সিং (যিনি পেশায় শিক্ষক এবং ওই বিজেপি নেতার চাচাতো ভাই)। এছাড়া ময়াঙ্ক সিং নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ওই অঞ্চলে বালু উত্তোলন কার্যক্রম এবং পরিবহন রুটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পাথর বা বালু উত্তোলনের ইজারা এবং আয় ভাগাভাগি নিয়ে দুইটি পক্ষের মধ্যে একাধিক বিরোধ ছিল।
স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘কোরিয়া জেলার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। দুই পক্ষের মধ্যে আগের বিরোধের কথা জানা থাকলেও পরিস্থিতি কীভাবে এমন ভয়াবহ রূপ নিল তা তদন্তের পর স্পষ্ট হবে।’
সাবেক বিধায়ক গুলাব কামরো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ‘কোরিয়া জেলার ঘটনাটি তার নজরে এসেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষী সাব্যস্ত কাউকে ছাড় দেওয়া হবে না।’
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানান, গোটা ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে তদন্ত কার্যক্রম এগিয়ে চলবে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
